কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর এলাকায়।
ভুক্তভোগী মির্জা মো. তরিকুল ইসলাম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে একটি রিটেইনিং ওয়াল নির্মাণকাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজের অধীনে চলমান এ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে প্রকৌশলী তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কাজের তদারকি করেন। এ সময় তিনি অভিযোগের সত্যতা পান বলে জানা যায়। কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে তার বাগ্বিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলীকে মারার উদ্দেশ্যে বাঁশ নিয়ে তাড়া করেন। প্রাণভয়ে দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে তিনি রক্ষা পান বলে জানান ভুক্তভোগী।
এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্তদের পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



