ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

চাঁদপুরের ৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪৬ প্রার্থী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৫, ০৮:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৭০ জন প্রার্থী। এর মধ্যে জমা দিয়েছেন ৪৬ জন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীসহ অন্যান্য দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

এ ছাড়াও উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকটও অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, চাঁদপুর-১ (কচুয়া) আসনে ২৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন এবং জমা দিয়েছেন ৭ জন। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন এবং জমা দিয়েছেন ১২ জন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন ৯ জন। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন এবং জমা দিয়েছেন ১০ জন।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন এবং জমা দিয়েছেন ৮ জন।