ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুর আদালতে পুলিশের হেফাজত থেকে পালিয়েছে আসামি

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:১৬ এএম
ছবি: সংগৃহীত

চাঁদপুর আদালত এলাকা থেকে জাকির হোসেন গাজী নামে এক আসামি পুলিশের হেফাজত থেকে পালিয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে আদালতের জিআরও অফিসে আসামিকে সোপর্দ করার আগে এই ঘটনা ঘটে।

রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানায়, আসামিকে রাতে সদর মডেল থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছিল। পরে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করার জন্য তাকে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করার পথে মডেল থানা পুলিশের হেফাজত থেকে তিনি পালিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল কবির বলেন, ওই আসামিকে আবারও আটক করার জন্য অভিযান চলমান রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ সংবাদদাতা’র ফোনে বক্তব্য দিতে পারেননি।