ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেঘনায় ৯ জেলের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৫৩ এএম
ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপারাধে ১১ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্ত হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

রোববার (১৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি জানান, শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় সদরের আনন্দ বাজার, দাসদী, সফরমালী, লালপুর ও গাজীর টেক এলাকা থেকে জেলেদের আটক করা হয়।

অভিযানে জব্দ করা হয় দুটি মাছ ধরার নৌকা এবং বড় ফাঁসের তিন হাজার মিটার কারেন্ট জাল। কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের মধ্যে তিনজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, ছয়জনকে পনের দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

জব্দ কারেন্ট জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম সঙ্গে ছিলেন নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার, কোস্টগার্ড ও নৌপুলিশের দুটি দল।