চাঁদপুরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর সদর থানার পুরান বাজার এলাকায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি গোডাউনে তল্লাশি চালিয়ে ১০০ পিস অবৈধ চায়না দুয়ারি এবং ১৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা।
পরে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ জাল মজুত রাখার দায়ে গোডাউনের মালিককে জরিমানা করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা অবৈধ জাল ধ্বংস করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

