বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে নিহত প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের পরিবারের খোঁজখবর নিতে তার বাসভবনে গেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
মঙ্গলবার (৩ মার্চ) তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান। এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান ও যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা উপস্থিত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এলাকায় দায়িত্ব পালনকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত একটি ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমপি সাঈদ আল নোমান বলেন, প্রবাসী বাংলাদেশি আবুল মহসিনের মর্মান্তিক অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার একমাত্র মেয়ে তাসনিম তামান্নার সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছি।’
তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা হয়েছে এবং মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাজিমুর রহমান বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই তারা পরিবারের পাশে দাঁড়িয়েছেন। নগর বিএনপির পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।
এ সময় স্থানীয় বিএনপির নেতারা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের স্বজনেরা উপস্থিত ছিলেন।

