চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড় কাটার অপরাধে একেএইচ লজিস্টিক ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ ফরিদ আহমেদকে (৬৫) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার বাড়বকুণ্ড এলাকায় পরিচালিত এক অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে এই দণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন। পরিবেশ অধিদপ্তরের পক্ষে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন বিশ্বাস এবং গবেষণাগার সহকারী মো. রেজাউল করিম।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন। প্রশাসন জানায়, পাহাড় কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
-20260417124711.webp)

