চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে ভিডিও ধারণ এবং পরে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী সজল কান্তি দাশ নামে এক ওঝাকে লক্ষ্য করে একটি সংঘবদ্ধ চক্র ফাঁদ পাতে। প্রথমে এক নারী তার কক্ষে প্রবেশ করে কৌশলে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন। এ সময় তার ব্যাগে রাখা গোপন ক্যামেরায় ছবি ও ভিডিও ধারণ করা হয়। কিছুক্ষণ পর নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে নুরুল আবছারসহ আরও দুই ব্যক্তি কক্ষে ঢুকে ওই ভিডিও দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
ভুক্তভোগী সজল কান্তি দাশ অভিযোগ করেন, ভিডিও প্রকাশের হুমকি দিয়ে তাকে চাপে ফেলা হয়। তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হলেও অভিযুক্তরা ২ লাখ টাকার নিচে সমঝোতায় রাজি হননি। পরে বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা অভিযুক্তদের আটক করেন।
এ সময় উত্তেজিত এলাকাবাসী তাদের গণপিটুনি দেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন নুরুল আবছার, ইয়াছমিন আক্তার, জাহাঙ্গীর আলম ও জয়নাল উদ্দিন। তাদের বাড়ি বাঁশখালী, পটিয়া ও আনোয়ারা উপজেলায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য।
সাতকানিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

