চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি কারখানায় চোর সন্দেহে মারধরের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কারখানার দায়িত্বে থাকা তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি পুল এলাকায় অবস্থিত বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ওই যুবক কারখানার টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করেন। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে দুপুর ১২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা জানান, দুপুর ১২টার দিকে আনুমানিক ৩২ বছর বয়সী এক অজ্ঞাত যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।
খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে কারখানার মানবসম্পদ ব্যবস্থাপক মো. মোশাররফসহ তিনজনকে আটক করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চোর সন্দেহে ওই যুবককে মারধর করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।’

