ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আগুনে পুড়ল কনটেইনার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৩ নম্বর জেটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাময়িকভাবে কনটেইনার পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে জেটিতে ব্যবহৃত একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনের ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জেটির সামনের ইয়ার্ডে থাকা কয়েকটি পণ্যবোঝাই কনটেইনারেও।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরপরই বন্দর কর্তৃপক্ষ কনটেইনার ওঠানামা ও স্থানান্তরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে তা সম্পূর্ণ নির্বাপণ করে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যাবে।

তবে আগুনে কতগুলো কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।