উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের সভাপতি প্রফেসর এমডি. এম. কামাল উদ্দিন চৌধুরী বলেছেন, প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে কঠোর পরিশ্রম, সততা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। আজ যারা বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, তারা কলেজের গর্ব। বিদায়ী শিক্ষার্থীদেরও লক্ষ্য স্থির রেখে নিষ্ঠার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে।
রোববার (২৮ জুন) উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিনের সভাপতিত্বে এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের প্রভাষক মো. শেখ ফরিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নিজামপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রনজিত বিশ্বাস, কলেজের বিদ্যোৎসাহী সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল মোস্তফা, চিকিৎসক প্রতিনিধি ডা. হারুন অর রশিদ এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল কাইয়ুম নিজামী।
এ সময় উপস্থিত ছিলেন নিজামপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান হায়দার হাসান মাহমুদ, কলেজের দাতা সদস্য ডা. গিয়াস উদ্দিন, অভিভাবক সদস্য রেজাউল করিম ভূঁইয়া, আমিনুল ইসলাম চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী ও মেশকাত হোসেন চৌধুরী, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো. সাহেদ আহসান, মুখপাত্র শহিদুল ইসলাম রয়েলসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফরা ইবনাত রোদসী, তাসফিয়া তাহিন ও শেখ মো. সাজ্জাদ হোসেন। সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া সৌরভ দেবনাথ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া অনিক বণিক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া জান্নাতুল মাওয়া। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। কলেজ সবসময় শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

