ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
রোববার (২৮ জুন) দুপুরে একটি এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কনটেইনার ট্রাকের পেছনে দ্রুতগতির একটি কার সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, একটি ইগনিস কার চন্দ্রপুর থেকে আকোলায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে অমরাবতী জেলার এক্সপ্রেসওয়েতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনার ট্রাকের পেছনে দ্রুতগতির গাড়িটি সজোরে আঘাত হানে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচ আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হন।
নিহতরা হলেন—ভাস্কর জিবনে (৫৭), মহাদেব জিবনে (৪২), আরতি জিবনে (৪০), লতা জিবনে (৪৩) এবং ১২ বছর বয়সী শিশু কৃষ্ণা জিবনে। তারা সবাই মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে কারটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে গাড়ির আরোহীদের বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, হাইওয়ে সিকিউরিটি টিম ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গাড়ির চালক চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

