ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জ্বালানি তেল পাচার রোধে দামুড়হুদায় যৌথ অভিযান

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থান ও সীমান্ত এলাকায় জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুত প্রতিরোধে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেল পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিজিবির পক্ষে দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. এনামুল কবিরের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষ টহল দল অংশগ্রহণ করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে তারা বিভিন্ন সন্দেহভাজন স্থাপনা ও জ্বালানি তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যাপক তল্লাশি চালান।

অভিযানের প্রাথমিক পর্যায়ে চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও দর্শনা থানার আওতাধীন বিভিন্ন তেল পাম্প ও প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়, কোনো অসাধু চক্র জ্বালানি তেল অবৈধভাবে মজুত বা ভারতে পাচারের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় জ্বালানি তেল চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।