কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ১৮ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শনিবার (১০ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স নীতি’ বাস্তবায়নে বাংলাদেশ কোস্ট গার্ড বদ্ধপরিকর। গত ১৭ মে থেকে ১২ আগস্ট ২০২৫ পর্যন্ত কোস্ট গার্ড এককভাবে এবং র্যাবের সঙ্গে সমন্বয়ে চারটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে সর্বমোট ১৮ কোটি ৮ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার পিস ইয়াবা, ৯৯০ গ্রাম ইয়াবা তৈরির পাউডার, ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) ও গাঁজার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরবর্তীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত ৭ জানুয়ারি অনুযায়ী বিসিজি স্টেশন টেকনাফে রক্ষিত উক্ত মাদকদ্রব্য ধ্বংসের নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কক্সবাজার-১; সদস্য সচিব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কক্সবাজার; ইনচার্জ মালখানা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোনের প্রতিনিধিদের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় যৌথ অভিযানে অংশগ্রহণকারী র্যাব ও পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জারি রেখেছে। এর ফলে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


