বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদুস্যদের গুলিতে কক্সবাজারের কুতুবদিয়ার শাহাদত হোছাইন (১৭) নামের এক জেলে নিহত হয়েছে। নিহত জেলে উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মো. বাদশার ছেলে।
ট্রলারের মালিক জসিম উদ্দিন জানান, তিন দিন আগে শাহাদত হোছাইন এফবি আজুফা আকতার মানু ট্রলারে ১৯ জন মাঝিমাল্লার সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অন্য একটি ট্রলি থেকে খবর আসে, তাদের বোটে ডাকাতি হয়েছে এবং শাহাদত গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাকে অন্য একটি বোটে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, বিগত এক মাস ধরে সাগরে ডাকাতির ঘটনা বেড়ে গেছে। ডাকাতদের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। তিনি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি জানালেও কো সমাধান পাচ্ছেন না। নিরাপদে মাছ ধরার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে কুতুবদিয়া থানার ওসি মো. মাহবুবুল হক জানিয়েছেন, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


