ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০৪:০৫ এএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমা থেকে দুটি নৌকাসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় একটি নৌকাসহ ৩ মাঝি এবং এর আগে মঙ্গলবার রাতে আরেকটি নৌকাসহ ৪ মাঝিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম।

ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- মো. আবুল কালাম (৫০), মো. ছাদেক (৩০), আ. শুকুর (৪০), মো. রবি আমল (১১), মঞ্জুর আলম (২৭), মো. রাসেল (১৮) ও মো. শরিফ (১২)। তারা সবাই টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া ও দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।

সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, নাফ নদীতে মাছ ধরার সময় দুই দিনে শাহপরীর দ্বীপের ২টি নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। তাদের কারণে নাফ নদী ও সাগরে মাছ শিকারে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রায়ই সাগর থেকে ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এভাবে চলতে থাকলে জেলে ও নৌকার মালিকদের মাঝে দুর্দিন নেমে আসবে। তাই এ ঘটনা বন্ধে সরকারের সহায়তা কামনা করছি।