ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কক্সবাজারে ঘুষ দাবির অভিযোগে দুই এডিসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ভূমি অধিগ্রহণ শাখায় ঘুষ দাবির অভিযোগে কক্সবাজারের দুই অতিরিক্ত জেলা প্রশাসকসহ (এডিসি) ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সংশ্লিষ্ট নথি তলবের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম ভুক্তভোগী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক প্রফেসর আখতার আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার অভিযুক্তরা হলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজিম উদ্দিন আহমদ, ভূমি অধিগ্রহণ শাখার অফিস সহকারী অনিক দে এবং নিম্নমান সহকারী মোহাম্মদ এমরান।

বাদীপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, ২০১৯ সালে প্রফেসর আখতার আলম মহেশখালীর বাসিন্দা ছৈয়দ নুরকে ১৫ লাখ টাকা ধার দেন। পরে টাকা পরিশোধে গড়িমসি করলে তিনি আদালতে মামলা করেন। আদালত পাওনা টাকা ফেরতের নির্দেশ দেন। নির্দেশ অনুযায়ী বিবাদীর অনুকূলে বরাদ্দকৃত ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের অর্থ থেকে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে বলা হয়।

অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের পরও তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজিম উদ্দিন আহমদ নানা অজুহাতে টাকা আটকে রাখেন। পরবর্তীতে ২০২৪ সালে পুনরায় আদালতের নির্দেশ সত্ত্বেও টাকা ফেরত না দিয়ে অভিযুক্তরা যোগসাজশে প্রাপ্য অর্থ ছাড় করতে ১০ শতাংশ হারে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এ ঘটনায় মঙ্গলবার পুনরায় আদালতে আবেদন করা হলে আদালত মামলাটি আমলে নিয়ে ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট নথি তলবের নির্দেশ দেন।

বাদী প্রফেসর আখতার আলম আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন।