ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, মদ-ইয়াবাসহ আটক ৩

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৯:৪৫ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযানে ৪টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। বিশেষ করে সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায়, কক্সবাজারের টেকনাফ থানাধীন কেরুণতলী এলাকায় গতকাল ১৬ মে ২০২৬ শনিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় একটি সন্দেহজনক সিএনজি তল্লাশি করে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ৪৭ ক্যান বিদেশি বিয়ার এবং পাচারকাজে ব্যবহৃত সিএনজিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।

অপরদিকে, কক্সবাজারের টেকনাফ থানাধীন হলবনিয়া ও মাথাভাঙ্গা এলাকায় আজ ১৭ মে ২০২৬ রবিবার সকাল ৮টা এবং বিকেল ৪টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুটি সন্দেহভাজন ইজিবাইক তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা মূল্যের ১২৭ লিটার বাংলা মদ এবং পাচারকাজে ব্যবহৃত ইজিবাইকসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়াও, একই দিন (১৭ মে) দুপুর ১টায় টেকনাফ থানাধীন সাবরাং নয়াপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ঝাউবনের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত সিএনজি ও ইজিবাইক এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।