ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

টেকনাফে ১০টি গ্রেনেড ও ২৮টি গুলি উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০৬:২৬ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গোলা ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। রোববার (১৪ জুন) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন জাদিমুড়া নাফ নদ সংলগ্ন এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বিপুল পরিমাণ তাজা গোলা ও গ্রেনেড বাংলাদেশের সীমানা ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, শনিবার রাত ১০টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় মাটির নিচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত হয় এমন ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড ও ২৮ রাউন্ড ৭.৬২ মিঃ মিঃ তাজা গোলা উদ্ধার এবং ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ সময় অস্ত্র ও মাদক পাচারকারীরা আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর সংশ্লিষ্ট সদস্যদের আটকের নিমিত্তে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী, (এক্স), বিএন বলেন, উদ্ধারকৃত বিস্ফোরকসমূহ অসাধু ব্যক্তিদের হাতে পড়লে অথবা অন্য কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ জনগণের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারত, যা কোস্ট গার্ডের এ অভিযানের ফলে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

এর পাশাপাশি, কোস্ট গার্ডের এ সফল অভিযানের ফলে বাংলাদেশের সীমানা ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার অপচেষ্টা ও নস্যাৎ হয়েছে। উদ্ধারকৃত গ্রেনেড ও তাজা গোলা এবং জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।