সৌদি আরবে প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য পৃথক ওয়ার্ক পারমিট গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির শ্রমবাজার ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘কিউয়া’ নতুন নির্দেশনায় এ তথ্য জানিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এই পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ‘কিউয়া’ প্ল্যাটফর্ম শ্রমবাজার-সংক্রান্ত বিভিন্ন সেবা পরিচালনা করে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নিবন্ধন, ভিসা ও কর্মসংস্থান সেবা, প্রশিক্ষণ চুক্তি এবং পদত্যাগ প্রক্রিয়া।
কিউয়া জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার এবং ইউনিফায়েড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ওপর নির্ভর করে নির্ধারণ করা হবে।
সেবা ফি পরিশোধ করা যাবে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট সিস্টেম এবং কিউয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে।
‘তামহীর’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণ চুক্তি এখন থেকে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির হিসাব বা বিদ্যমান কর্মসংস্থান বাধ্যবাধকতার অংশ হিসেবে গণ্য হবে না।
নতুন নির্দেশনা অনুযায়ী, নিয়োগকর্তা কোনো পদত্যাগ আবেদন গ্রহণ বা স্থগিত না করলে কর্মী সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে নোটিশ পিরিয়ড চাকরির চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত হবে।
ভিসা ইস্যু হওয়ার পর এর কোনো তথ্য সংশোধন করা যাবে না। ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।

