ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পেকুয়ায় সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৭:২৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের পেকুয়া পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এক সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান কাপড়চোপড় এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী সেনা সদস্য তৌহিদুল ইসলাম উপজেলার মৌলভীপাড়া এলাকার মৃত হাফেজ নজরুল ইসলামের ছেলে। পরিবারের দাবি, শুক্রবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র বাড়ির দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

সেনা সদস্যের স্ত্রী উম্মে হাবিবা জানান, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় চোরেরা নির্বিঘ্নে ঘরে প্রবেশ করে। তাদের ধারণা, চোরেরা দীর্ঘ সময় বাড়িতে অবস্থান করেছে। এমনকি ঘরের রান্নাঘরে রান্না করে খাবারও খেয়েছে। এরপর স্বর্ণালংকার, নগদ টাকা, মূল্যবান পোশাক ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। তার অভিযোগ, পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১০ জুন গভীর রাতে একই বাড়িতে টিন কেটে দুই ব্যক্তি প্রবেশের চেষ্টা করেছিল। সে সময় তারা ব্যর্থ হয়ে চলে যাওয়ার আগে ডাকাতির হুমকি দেয় বলে পরিবারের দাবি। এ ঘটনায় সেনা সদস্য তৌহিদুল ইসলাম ১৪ জুন পেকুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চুরির খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির ঘটনায় আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।