ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস প্রতিমন্ত্রীর

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের কৃষি ঋণের আদলে সহজ শর্তে ঋণ সুবিধার আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (১৮ জুলাই) টাঙ্গাইল মডেল সিটিতে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন (বিপিআইএ) আয়োজিত পোল্ট্রি খামারি সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী বলেন, উৎপাদন ব্যয় কমানো, ফিডের দাম সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতের মাধ্যমে দেশের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী ও টেকসই করে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিপিআইএর নেতৃবৃন্দ, ফিড ও কাঁচামাল সরবরাহকারী এবং একদিনের বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফা আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে খামারিদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে উপজেলা ও থানা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তদারকি আরও জোরদার করা হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া পোল্ট্রিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করে নিরাপদ পোল্ট্রি উৎপাদনে গুরুত্ব দিতে হবে।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচির আওতায় পোল্ট্রি খামারিদেরও কৃষি কার্ডের অন্তর্ভুক্ত করা হবে। আগামী বাজেট বাস্তবায়নের অংশ হিসেবে দেশের প্রতিটি উপজেলায় ধাপে ধাপে কৃষি কার্ড বিতরণ করা হবে। চলতি বছরে ৪৩ লাখ কৃষকের হাতে কৃষি কার্ড তুলে দেওয়া হবে এবং পর্যায়ক্রমে সব কৃষক ও পোল্ট্রি খামারিকে এ সুবিধার আওতায় আনা হবে। কৃষি কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন সরকারি সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে বিপিআইএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শওকত আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, বিপিআইএর কেন্দ্রীয় সভাপতি মোশারফ হোসাইন চৌধুরী, মহাসচিব এম. সাফির রহমান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি। এ সময় জেলার ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক পোল্ট্রি খামারি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপিআইএর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।