বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হলে সরকারের বৈধতাও প্রশ্নের মুখে পড়বে। তিনি দাবি করেন, গণভোটে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গেলে জনগণ সরকারকেও ব্যর্থ করে দেবে।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশাল নগরীর ভাটারখাল এলাকার হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল। এতে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সাফ কথা, যে গণভোটে জনগণ ৭০ শতাংশ সমর্থন দিয়েছে, সেই একই দিনের ভোটের ভিত্তিতেই সরকার নিজেদের বৈধতা দাবি করছে। তাই গণভোট যদি ব্যর্থ হয়, এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।
তিনি বরিশালের সড়ক যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে বলেন, ঢাকা থেকে বরিশালে আসার পথে ভাঙ্গার পর থেকেই রাস্তার বেহাল অবস্থা চোখে পড়ে। একটি বিভাগীয় শহর এবং কুয়াকাটা পর্যটনকেন্দ্রের সঙ্গে সংযুক্ত এই সড়ক ছয় লেনে উন্নীত করা প্রয়োজন বলে তিনি দাবি করেন।
রেল যোগাযোগ নিয়েও তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে রেললাইন থাকলেও বরিশালবাসী এখনো রেলসেবা থেকে বঞ্চিত। এ অঞ্চলে দ্রুত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে নতুন শাসনব্যবস্থা ও পরিবর্তনের পক্ষে মত দিয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় যাওয়ার পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার আগে গণভোটে জনগণের রায় মেনে নেওয়ার অঙ্গীকার করলেও এখন সংস্কারের বিষয়টি অস্বীকার করছে। এ অবস্থান জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতির পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।

