ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৩:৪৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, নদী ও খাল যারা দখল করেছেন, তারা সাবধান হয়ে যান। আপনি যেই হোন, সরকারের চেয়ে ১৮ কোটি জনগণের চেয়ে কেউ প্রভাবশালী নন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলার শাসনপাড়া-দোশারীচোঁ থেকে ডাকাতিয়া নদীর শাখা খাল উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘ যারা দখল করেছেন, তারা জোচ্চোর ও দুষ্কৃতকারী। আপনারা দখল করেছেন, ছেড়ে দেন। আপনাদের ছেড়ে দিতেই হবে।এর আগে দোশারীচোঁ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে, পরে বাস্তবায়ন করে না। কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি প্রমাণ করেছে- আমরা কথায় ও কাজে এক।’

নির্বাচনের কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে। পহেলা বৈশাখ বা তারও আগে কৃষি কার্ড চালু করা হবে। দলের চেয়ারপারসন বলেছিলেন, আপনারা বিএনপিকে নির্বাচিত করলে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা আজ তা শুরু করেছি।

কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এরই মধ্যে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। এক মাসের মধ্যেই সরকার সব কাজ বাস্তবায়ন শুরু করেছে। এতেই প্রমাণিত হয়, বিএনপি কথায় ও কাজে এক।

তিনি বলেন, ‘দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ৭০ শতাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হলে অন্য ৩০ শতাংশ মানুষের অবস্থাও স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ডাকাতিয়া নদীর ওপর যেন ডাকাতি হয়ে গেছে। নদী ভরাট করে বাড়িঘর করা হয়েছে। এই ডাকাতিয়া নদী উদ্ধার করা হবে।’

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া, বিএডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম এবং কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম জাহাঙ্গীর আলম সরকার।