‘হাসিনা যাবজ্জীবন সাজা দিয়েছে আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানিয়েছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত এক যুগে আপনারা চিন্তা করেছিলেন আমি আবার দেশে আসতে পারব? আবার নির্বাচন করব? এমপি হব? মন্ত্রী হব? আমাকে নির্বাচন করতে না পারার জন্য মামলাও দেওয়া হয়েছিল। আমার আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়ে আমাকে আপনাদের ভোটে এমপি বানিয়েছে।’
শুক্রবার (৮ মে) মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কো’বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ (এমপি)।
তিনি আরও বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের ব্যাধি। প্রশাসন ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। এ অভিযান চলবে। যে দল বা মতেরই হোক না কেন, মাদককারবারী ও চাঁদাবাজদের কোনো রক্ষা নেই।
একই দিন বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এবং বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার এবং আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন, সোনাকান্দা দরবার শরীফের পীর অধ্যক্ষ মাহমুদুর রহমান, নবীয়াবাদ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মিজানুর রহমান এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বদিউল আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, ফারুক সরকার মজিব, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস এবং আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু।
উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা এবং সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।


