ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিল্লায় সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২১, ২০২৬, ০৩:০৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসের এ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় সেনাপ্রধান তার বক্তব্যে বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা সেনাসদস্যদের মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, সেনাবাহিনীর এই বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা সেনাসদস্যদের কাঙ্ক্ষিত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ প্রতিযোগিতায় সৈনিক পিয়াল মন্ডল, ১৭ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ ফায়ারার; সৈনিক তানভীর হোসেন, ১০ পদাতিক ডিভিশন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং সৈনিক জবা আক্তার, ২৪ পদাতিক ডিভিশন শ্রেষ্ঠ মহিলা ফায়ারার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, গত ১৬ মে ২০২৬ তারিখে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত এই ফায়ারিং প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সব ফরমেশন, লজিস্টিকস এরিয়া, ৫টি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও); কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি; জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া; জেনারেল অফিসার কমান্ডিং, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া; সেনাসদর ও ফরমেশনসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।