দিনাজপুরের পার্বতীপুর শহরে যৌথ বাহিনীর অভিযানে চুরিকৃত সরকারি বৈদ্যুতিক তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের নতুন বাজার, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পার্বতীপুর পৌরসভার গুলপাড়া মহল্লার আব্দুল হামিদের ছেলে সাদিকুল ইসলাম (২৫), ভাস্করপট্টির রিয়াজ উদ্দিন শেখের ছেলে আব্দুর রশীদ সুমন (৩৫), মো. রূপচাঁদ আলীর স্ত্রী মোছা. আসিয়া খাতুন (৪৫) এবং তার ছেলে মো. সিয়াম (২২)।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে সোমবার রাতে বেলাইচন্ডি এলাকায় সরকারি বৈদ্যুতিক তার কাটার সময় সাদিকুল ইসলাম সাদেককে (২৪) হাতেনাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে যৌথ বাহিনী নতুন বাজারে ভাঙারী ব্যবসায়ী মাসুদের গোডাউনসংলগ্ন বাসা এবং পুরাতন বাজারে সুমনের বাসা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক তার, গ্যাস সিলিন্ডার, ফ্যান ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, পার্বতীপুর নেসকো অফিসের পক্ষ থেকে নিয়মিত রাত্রীকালীন টহল পরিচালনা করা হলেও বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটছে।
অভিযানে নেতৃত্ব দেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক। এ ছাড়া পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।
পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেপ্তারদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সরকারি সম্পদ চুরি ও অবৈধ ভাঙারি ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দারা বলেন, সরকারি বৈদ্যুতিক তার চুরির কারণে এলাকায় ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে এবং এতে সরকার বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তারা নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন