ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাপ্তাহিক ছুটিসহ দুই দিন সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান।
তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি না করারও সিদ্ধান্ত নেওয়া হয়।
এ কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকায় আগামী শনিবার থেকে পুনরায় পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. আরিফুল ইসলাম জানান, বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্টের মাধ্যমে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকে।


