ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে নজরদারি বৃদ্ধি, অতিরিক্ত জনবল মোতায়েন এবং যানবাহনে কঠোর তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, হিলি সীমান্ত ও পাঁচবিবি চেকপোস্ট এলাকায় ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। ব্যাটালিয়ন সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকা থেকে কেউ যাতে গণপরিবহন ব্যবহার করে পালিয়ে যেতে না পারে, সেজন্য যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহভাজন নারী যাত্রীদের তল্লাশির জন্য নারী বিজিবি সদস্যও মোতায়েন রাখা হয়েছে।
তল্লাশি কার্যক্রমকে আরও কার্যকর করতে বিজিবির কে-৯ ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে। এসব প্রশিক্ষিত ডগ স্কোয়াড মাদক, অস্ত্র ও অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।
এদিকে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির গোয়েন্দা সংস্থাগুলোও সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি পার্শ্ববর্তী দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সীমান্ত এলাকায় কোনো ধরনের মানবঢল বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।


