ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:২৯ পিএম
গাজীপুরের পূবাইলে কার্টুন উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ড।

গাজীপুরের পূবাইলে কার্টুন উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পূবাইলের বসুগাঁও এলাকায় দিশারী কম্পোজিট লিমিটেড নামের কারখানায় এ আগুনের সূত্রপাত হয়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্টুন তৈরির কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কার্টুন ও কাঁচামালে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। খবর পেয়ে টঙ্গী ও গাজীপুর ফায়ার স্টেশনের ৫টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালায়।

কারখানাটিতে বিপুল পরিমাণ সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করে এবং নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে কারখানার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা নিরাপদ দূরত্বে অবস্থান করছেন।

আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।