গাজীপুর মহানগরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের নেতৃত্বে মহানগরের সদর মেট্রো থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নিয়ামত সড়কে অবস্থিত ‘জননী এন্টারপ্রাইজ’ নামের একটি গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় সেখানে প্রায় ৩ হাজার এলপিজি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে দেশীপাড়া এলাকায় অবস্থিত ‘খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতান’ নামের আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ১৫ হাজার গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ রাখা এবং অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারীরা জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে এসব সিলিন্ডার মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড ভোক্তা অধিকার লঙ্ঘনের পাশাপাশি জননিরাপত্তার জন্যও ঝুঁকিপূর্ণ।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



