× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:৪৯ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ওবিই কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৫:৪৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘ওবিই কারিকুলাম উন্নয়ন: বাস্তবায়ন ও চ্যালেঞ্জ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টায় বাউবির শিক্ষক সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস। তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষকতার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘাটতি দীর্ঘদিনের বাস্তবতা। অধিকাংশ শিক্ষক কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই শ্রেণিকক্ষে পাঠদান শুরু করেন, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে শিক্ষকতা ও পাঠদান-শেখন প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া হলেও আমাদের দেশে এ বিষয়ে এখনো অনীহা ও মানসিক বাধা রয়েছে। আউটকামভিত্তিক শিক্ষা (ওবিই) পদ্ধতির কিছু সীমাবদ্ধতা থাকলেও এটি শিক্ষাকে পরিকল্পিত ও জবাবদিহিমূলক করতে সহায়ক। বিশেষ করে পাঠদান ও মূল্যায়নে শৃঙ্খলা, নির্দিষ্ট লক্ষ্য এবং শিক্ষার্থীর অর্জন নিশ্চিত করতে ওবিই কার্যকর ভূমিকা রাখতে পারে।

একইসঙ্গে তিনি বলেন, সামাজিক বিজ্ঞান ও মানবিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞানের সৃজনশীলতা ও বিমূর্ততার দিকটিও সমান গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষকদের নতুন ধারণা ও প্রশিক্ষণ গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণ কেবল ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি নয়; বরং বিশ্ববিদ্যালয় ও দেশের সামগ্রিক শিক্ষা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। তিনি বলেন, আউটকামভিত্তিক শিক্ষা (ওবিই) পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়নে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা পাঠদান ও কারিকুলাম উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং আইন স্কুলের ডিন অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসি। বক্তারা উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এ বি এম রহমাতুল্লাহ। বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ ও প্রশিক্ষণ সহায়ক হিসেবে তিনি আউটকামভিত্তিক শিক্ষা (ওবিই) বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয়, ওবিই-এর ধারণা ও বিভিন্ন মডেল, ওবিই-এর উপাদানসমূহ এবং বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) বিষয়ে আলোচনা উপস্থাপন করেন।

এ ছাড়া তিনি কারিগরি অধিবেশনে ওবিই কারিকুলাম ডিজাইন এবং প্রোগ্রাম এডুকেশনাল অবজেকটিভস (পিইও), প্রোগ্রাম লার্নিং কম্পিটেন্সিস (পিএলসি) ও কোর্স লার্নিং আউটকামস (সিএলও) ম্যাপিং বিষয়েও অংশগ্রহণকারী শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

আইকিউএসির অতিরিক্ত পরিচালক এবং সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহযোগী অধ্যাপক (ইংরেজি) ড. মো. জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এবং আইন স্কুলের ৩৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

Link copied!