গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় চায়না মালিকানাধীন একটি অবৈধ ব্যাটারি উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে কারখানাটিতে ব্যাটারি উৎপাদনে নানা অনিয়ম, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও লাইসেন্সের ঘাটতি এবং বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়।
গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে স্বাধীন গার্মেন্টসের পাশে অবস্থিত চায়না মালিকানাধীন ডং আও নিউ ইলেকট্রিক লিমিটেড নামের ব্যাটারি উৎপাদনকারী কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বিভিন্ন অনিয়মের মাধ্যমে ব্যাটারি উৎপাদন ও সংরক্ষণের কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরিদর্শনের সময় কারখানার উৎপাদন ব্যবস্থা, কাগজপত্র ও অনুমোদন যাচাই করে প্রয়োজনীয় সরকারি অনুমতি, লাইসেন্স এবং অন্যান্য বাধ্যতামূলক অনুমোদনের ঘাটতি পাওয়া যায়। পাশাপাশি উৎপাদন কার্যক্রমে বিভিন্ন বিধিবহির্ভূত অনিয়মও ধরা পড়ে।
এ ছাড়া কারখানাটির বাইরে কোনো ধরনের সাইনবোর্ড না থাকায় প্রতিষ্ঠানটির পরিচয় ও কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষের জানার সুযোগ ছিল না। বিষয়টিকেও আইনের দৃষ্টিতে একটি গুরুতর অনিয়ম হিসেবে বিবেচনা করা হয়।
এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট আইনের আওতায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আফসানা পারভীন জানান, ভোক্তাদের স্বার্থ, জনস্বাস্থ্য এবং পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অবশ্যই প্রচলিত আইন, নিরাপত্তা মানদণ্ড ও সরকারি নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া উৎপাদন কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ শিল্প পরিবেশ নিশ্চিতকরণ এবং অবৈধভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

