গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন আমরা বীর শহীদদের স্মরণ করব এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাব। কারণ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় অনুষ্ঠান। প্রতি বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি। যাদের রক্তের বিনিময়ে আমরা প্রিয় মাতৃভাষা পেয়েছি, তাদের স্মরণে প্রতি বছর রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নবনির্বাচিত এমপির পর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, টুঙ্গিপাড়া থানা, পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপি, পল্লি বিদ্যুৎসহ বিভিন্ন স্কুল-কলেজ ও সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, থানার ওসি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পাদক মোক্তার মোল্লা, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল ৮টায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে প্রভাতফেরি বের করেন শিক্ষার্থীরা। সাদা-কালো পোশাকে, খালি পায়ে ও ফুল হাতে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে কলেজ এলাকা মুখরিত করে তোলে। এ ছাড়া বিভিন্ন বয়সি মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ দিন সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
-20260221163457.webp)


