ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে জেলেদের বকনা বাছুর বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:২৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে বাছাইকৃত ৬০ জন প্রকৃত জেলেদের মাঝে বাছুর বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলমের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ বিশ্বাস, কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. খাইরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। গবাদিপশু পালন তাদের জন্য একটি টেকসই আয়ের পথ তৈরি করবে। সরকার জেলেদেরকে সতর্ক করেছে যাতে তারা দেশীয় প্রজাতির মাছ নষ্ট না করেন। বাছুর বিক্রি করলে প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টুঙ্গিপাড়া উপজেলার ৬০ জন প্রান্তিক নিবন্ধিত জেলেদের হাতে ১টি করে বকনা বাছুর তুলে দেন অতিথিরা।