গোপালগঞ্জের কাশিয়ানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হতাহাতির ঘটনা ঘটে। পরে দু’গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, এই হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


