গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রাম থেকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ বৃষ্টি মন্ডল (১৯) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক বৃষ্টি মন্ডল ভেন্নাবাড়ি গ্রামের অশোক মন্ডলের মেয়ে।
রোববার (৩১ মে) রাতে ভেন্নাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ইয়বাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এসআই সঞ্জয় মালো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভেন্নাবাড়ি গ্রামের গোপাল মন্ডলের বন্ধ কাঁচামালের দোকানের সামনে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওপর থেকে বৃষ্টি মন্ডলকে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বৃষ্টি মন্ডল জানায়, সে দীর্ঘদিন যাবৎ তার আপন বোন সীমা মন্ডলের সহায়তায় কক্সবাজার জেলার টেকনাফ থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি মূল্যে বিক্রি করে আসছিল।
বৃষ্টি মন্ডলের নামে গোপালগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

