নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মাদক সম্রাট দিদার বাহিনী ও উমরপুর গ্রামের মাদক সম্রাট তপন বাহিনীর মধ্যে বুধবার (১৮ মার্চ) ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গুরুতর আহতদের সিলেট ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ প্রাণপণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লতিবপুর গ্রামের মাদক সম্রাট ও ইয়াবা ব্যবসায়ী দিদার মিয়া এবং একই ইউনিয়নের উমরপুর গ্রামের অপর মাদক সম্রাট ও ইয়াবা ব্যবসায়ী তপন মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন।
নিজেদের আধিপত্য বিস্তার করতে প্রায়ই এই দুই গ্রুপের মধ্যে দাঙ্গা-হাঙ্গামা সংঘটিত হয়। জুয়া খেলা থেকে মাদক ব্যবসা এমন কোন অপরাধ নেই যা তাদের দ্বারা সংঘটিত হয় না। এসব বিষয়ে তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
বুধবার উভয় বাহিনী হাকডাক দিয়ে উমরপুর হাওরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রামদা, সুলফিসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশ প্রাণপণ চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং স্থানীয়ভাবেও চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।


