ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

জামালপুরে বাস মালিক-শ্রমিক সংঘর্ষ, আহত ৮

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৮:১৩ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে বাস মালিক ও পরিবহন শ্রমিকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত প্রায় ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার শিমলা বাজার বাসস্ট্যান্ড ও থানা রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- তাইয়্যবা পরিবহনের বাস মালিক তারা মিয়া (৫০), বিসমিল্লাহ পরিবহনের সাইফুল ইসলাম (৪২), পরিবহন শ্রমিক ইউসুফ আলী, শিবলু মিয়া (৪০), আনিছুর রহমান আনিছ (৪০), সাদ্দাম, মোতালেব হোসেন ও রঞ্জু মিয়া। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী থেকে চলাচলকারী দূরপাল্লার তাইয়্যবা পরিবহনের একটি বাসের মালিক তারা মিয়া স্থানীয় চালক আনিছুর রহমানকে বাস চালানোর দায়িত্ব দেন। তবে নিয়মিত হিসাব না দেওয়ায় আনিছকে বাস চালাতে না দেওয়ার সিদ্ধান্ত নেন মালিক। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত দুই দিন ধরে আনিছুর রহমান মালিককে গালিগালাজ করছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিয়ে তারা মিয়া ও তার সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় গেলে, খবর পেয়ে আনিছুর রহমানের নেতৃত্বে ২০–৩০ জন পরিবহন শ্রমিক সেখানে জড়ো হন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া বলেন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করবেন বলে পুলিশকে জানিয়েছেন। এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।