ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ফের পুশইন চেষ্টা, সীমান্তবাসীর হুঁশিয়ারিতে পিছু হটল বিএসএফ 

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:৪০ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চেষ্টায় ১২ জনকে পুশইনে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার সংলগ্ন এলাকায় পুশইনের চেষ্টা করে বিএসএফ।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেল জানায়, হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৬/৮এস পিলার সংলগ্ন এলাকায় রাত সাড়ে ৮টার দিকে ১০-১২ জনকে বহন করা একটি গাড়ি সীমান্তে এসে দাঁড়ায়। ওই গাড়িতে থাকা নারী-পুরুষকে সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেয় বিএসএফ-৭৮ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের সদস্যরা।

বিষয়টি বুঝতে পেয়ে তাৎক্ষণিক হুঁশিয়ারি উচ্চারণ করে পুশইন রোধে মাইকিং করে গ্রামবাসী ও বিজিবি। কিছুক্ষণ এসব লোককে শূন্যরেখায় বসিয়ে রাখলে গ্রামবাসী ও বিজিবির কঠোর প্রতিরোধের মুখে পুনরায় তাদের অভ্যন্তরে নিয়ে নেয় বিএসএফ। এ ঘটনায় সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুশইন রোধে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, যেকোনো ধরনের পুশইন রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের নজরদারি বাড়ানো হয়েছে। আতঙ্কিত না হয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করতে গ্রামবাসীর প্রতি আহ্বান জানান তিনি।