সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে ওঠা এক তরুণের জীবন থেমে গেল সড়ক দুর্ঘটনায়। মোটরসাইকেল দুর্ঘটনায় সিফু আহমেদ আসিফ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) ভোররাত ৩টার দিকে রায়গঞ্জ-পাঙ্গাসী সড়কের রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিফু আহমেদ আসিফ উপজেলার ধানগড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি রায়গঞ্জের সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার পর ভোররাতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন আসিফ। একপর্যায়ে রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দেয়ালের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আসিফের অকাল মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন, সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি বেগম নুরুন নাহার কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তার স্মৃতিচারণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
যে রাতে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছিল কোটি মানুষ, সেই রাতেই সড়ক দুর্ঘটনায় নিভে গেল এক সম্ভাবনাময় তরুণের জীবন। আসিফের এমন আকস্মিক মৃত্যুতে নিশ্চিন্তপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

