ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১১:৫৭ এএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন অধস্তন আদালতে আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরে জাইমা রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেন।

জাইমা রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সঙ্গে একটি ব্যক্তিগত সাফল্য শেয়ার করতে চাই। আমি দেশে আইন পেশায় প্র্যাকটিসের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্র থেকে অংশ নেন।

বার কাউন্সিল সূত্রে জানা যায়, এবারের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলে তারা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন এবং দেশের অন্যান্য আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পাবেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশার জন্য আলাদা অনুমোদন প্রয়োজন হবে।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পুরো পরীক্ষার প্রক্রিয়া পরিচালনা ও নির্দেশনা দিয়ে থাকে।