জামালপুরের বকশীগঞ্জে নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশকান্দা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মো. কেরামত আলী বাচ্চা (৬৮) নামের এক বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের নতুন বাঁশকান্দা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির মালিক কেরামত আলী বাচ্চা জানান, ঘটনার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না। পাগলা পাড়া গ্রামের পথচারী ভ্যানচালক মো. লাল মিয়া প্রথমে ঘরটিতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল কুদ্দুস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। অগ্নিকাণ্ডে দোচালা ২০ হাত টিনের ঘরটির চাল, চৌকি খাটসহ ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।


