ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

স্বামীকে না পেয়ে স্ত্রীকে মারধর করলেন শ্রমিকদল নেতা

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরে রুকন উদ্দিনকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মৌসুমী আক্তারকে মারধর এবং শরীর থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক শ্রমিকদল নেতা ও তার ভাইদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর পৌর শহরের বনপাড়া কলেজ পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ এপ্র্রিল ) এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে রাস্তায় পানির পাইপ ফাটানোকে কেন্দ্র করে ভুক্তভোগীর স্বামী রুকন উদ্দিনের সঙ্গে একই এলাকার মো. আরকানের ছেলে এবং জামালপুর পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি সজীবের (২৫) বাগ্বিতণ্ডা হয়।

পরে স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বিষয়টি মীমাংসা করেন। এর জের ধরে ওই দিন সন্ধ্যায় অভিযুক্ত সজীব, তার দুই ভাই রাজিব ও জাকিরসহ কয়েকজন সহযোগী রুকন উদ্দিনের বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এ সময় রুকন উদ্দিন বাড়িতে না থাকায় তার স্ত্রী মৌসুমী আক্তার বাইরে এসে গালিগালাজ করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা মৌসুমী আক্তারের ওপর হামলা চালায়।

হামলায় ভুক্তভোগী নারীসহ তার শিশু সন্তানরাও আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় হামলাকারীরা তার গলার চেইন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার ছিনিয়ে নেয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শ্রমিকদল সভাপতি সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রুকনের স্ত্রী তার বৃদ্ধ মাকে আঘাত করেছেন, তাই তার সঙ্গে হাতাহাতি হয়েছে।

এ বিষয়ে জামালপুর পৌর শ্রমিক দলের সদস্য সচিব জাহিদ হোসেন জনি বলেন, দলের কোনো সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি জানা গেছে। এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।