ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামালপুরে প্রতারণা মামলায় ১ জনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৫৬ পিএম
জামালপুর আদালত ভবন। ছবি : সংগৃহীত

জামালপুরে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- জেলার ইসলামপুর উপজেলার মৃত সাগর আলী আকন্দের ছেলে মো. সাইদুর রহমান ওরফে আবু সাইদ আকন্দ (৪০)।

জানা যায়, বুধবার (২৯ এপ্রিল)  দুপুরে সি.আর. মামলা নং-২২৫(১)/২৫-এর বিচারকার্য শেষে জামালপুরের চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল হক এ রায় ঘোষণা করেন। মামলায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।

রায়ে আদালত তাকে পেনাল কোড ১৮৬০-এর ৪২০ ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া একই আইনের ৪০৬ ধারায় তাকে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় বাদীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম। তবে রায় ঘোষণার সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।