যশোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলফিকার আলী ওরফে শিপন (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিপন শহরের খালধার রোড এলাকার মৃত মোর্শেদ আলীর ছেলে।
নিহতের স্বজন মোস্তাক আহমেদ জানান, শিপন হাশিমপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করতেন। ঘটনার সময় তিনি বাইসাইকেল চালিয়ে খালধার রোডের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
পথিমধ্যে বাহাদুরপুরের চিড়ার মিলের সামনে পৌঁছালে সড়কের ভাঙা স্থানে তার সাইকেলের চাকা গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এসময় আলু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৬১৭৮) তাকে চাপা দিলে শিপন ঘটনাস্থলে মারা যান।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত বাবুল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন