ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

দুই সপ্তাহ ধরে ভারত থেকে বন্ধ পেঁয়াজ আমদানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ১২:১৫ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

দেশের পেঁয়াজচাষিদের স্বার্থ বিবেচনায় ভারত থেকে পেঁয়াজ আমদানির নতুন অনুমতি দেওয়া বন্ধ করেছে বাংলাদেশ সরকার। তবে আগের অনুমতির আওতায় চলতি মাসের ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করতে পারবেন আমদানিকারকরা। এদিকে আমদানি বন্ধ থাকায় দেশের বাজারে পেঁয়াজের দাম আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে নতুন করে ভারত থেকে পেঁয়াজ আমদানির কোনো অনুমতি দেয়নি সরকারের সংশ্লিষ্ট দপ্তর। এরই মধ্যে গত ২৪ ডিসেম্বরের পর থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে কোনো পেঁয়াজ দেশে প্রবেশ করেনি।

সর্বশেষ ২৪ ডিসেম্বর ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এর আগে ১৫ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছয়টি চালানে ১৩টি ট্রাকে করে মোট ৩৯০ টন পেঁয়াজ আমদানি হয়।

বেনাপোল স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক রফিকুল ইসলাম রয়েল বলেন, দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হলে দাম নিয়ন্ত্রণে সরকার আমদানির অনুমতি দেয়। এর ফলে প্রায় তিন মাস বন্ধ থাকার পর গত ৭ ডিসেম্বর থেকে বেনাপোলসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়।

প্রথমদিকে আমদানির অনুমতির পরিমাণ কম থাকায় চাহিদার তুলনায় সরবরাহ কম ছিল। পরে অনুমতির পরিমাণ বাড়ালে সব বন্দর দিয়ে আমদানি বাড়ে এবং বাজারে দাম কমতে শুরু করে।

তিনি আরও বলেন, এক সপ্তাহ আগেও বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল। বর্তমানে আমদানি বন্ধ থাকায় তা বেড়ে ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সরকার আবারও আমদানির অনুমতি দেওয়া বন্ধ করেছে। আমরা সকাল থেকে অনুমতির জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও কোনো আবেদন মঞ্জুর হয়নি। যদিও এ বিষয়ে এখনো কোনো প্রজ্ঞাপন বা আনুষ্ঠানিক চিঠি জারি করা হয়নি।

রফিকুল ইসলাম রয়েল আশঙ্কা প্রকাশ করে বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার সুযোগে বাজারে আবারও অস্থিরতা তৈরি হতে পারে। এতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৮৫ টাকায় পৌঁছাতে পারে। ইতোমধ্যে আমদানি বন্ধের খবরে বন্দরে কেজিতে প্রায় ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা শ্যামল কুমার নাথ বলেন, দুই সপ্তাহ ধরে ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। নতুন করে কোনো আমদানির অনুমতি দেওয়া হয়নি। তবে আগে ইস্যু করা অনুমতির বিপরীতে চলতি মাসের ৩০ জানুয়ারি পর্যন্ত পেঁয়াজ আমদানি করা যাবে।