জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে কথিত শারীরিক নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৩ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব চট্টগ্রাম মহানগর পুলিশ কর্তৃপক্ষের প্রতি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে ১২ জুন রাতে নিজ শহর চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশের সঙ্গে নাঈম হাসানের একটি ঘটনার সৃষ্টি হয়। সংগঠনের দাবি অনুযায়ী, শুরু থেকেই তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
কোয়াবের অভিযোগ, নাঈম নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও পরিস্থিতির উন্নতি হয়নি। সংগঠনটি আরও দাবি করে, ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে শনাক্ত করার পরও বিষয়টি গুরুত্ব পায়নি।
সংগঠনের ভাষ্য অনুযায়ী, পরে নাঈমকে খুলশী থানায় নেওয়া হয় এবং সেখানে অবস্থার পরিবর্তন ঘটে পরিচিতজনদের সঙ্গে যোগাযোগের পর।
বিজ্ঞপ্তিতে কোয়াব উল্লেখ করে, দেশের যে কোনো নাগরিকের সঙ্গে এমন আচরণ অগ্রহণযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন নাঈম হাসানের সঙ্গে কথা বলেছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি নাঈমকে প্রয়োজনীয় সহযোগিতা ও ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করেছেন।
এদিকে, নাঈম হাসান এর আগে অভিযোগ করেন যে চট্টগ্রামের লালখান বাজার এলাকায় তিনি শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের ক্রীড়াঙ্গনে আলোচনার জন্ম দেয়।
অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের কথা জানিয়েছে। প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে এক এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

