ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বসনিয়ার সঙ্গে ড্র, বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:২১ এএম
ছবি : সংগৃহীত

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্টের দেখা পেল কানাডা। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে স্বাগতিকরা। এর মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘ অপেক্ষার পর প্রথম পয়েন্ট অর্জন করল কানাডা।

এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে মোট ছয়টি ম্যাচ খেলেও কোনো পয়েন্ট পায়নি উত্তর আমেরিকার দেশটি। এবার ঘরের দর্শকদের সামনে সেই হতাশার অবসান ঘটাল তারা।

ম্যাচের ২১ মিনিটে কর্নার থেকে হেড করে গোল করে বসনিয়া ও হার্জেগোভিনাকে এগিয়ে দেন ফরোয়ার্ড জোভো লুকিচ। আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল তার প্রথম গোল। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১–০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বলকান অঞ্চলের দেশটি।

বাংলাদেশ সময় শনিবার (১৩ জুন) রাত ২টা ৪১ মিনিটে ম্যাচে সমতা ফেরায় কানাডা। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিন গোল করে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়ে আনেন। তার এই গোলেই শেষ পর্যন্ত ১–১ সমতায় ম্যাচ শেষ হয়।

খেলা শুরুর প্রায় ১ ঘণ্টা ২৫ মিনিট আগে থেকেই টরন্টো স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামা কানাডার প্রতি সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

ফুটবলে কানাডা এখনো বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত না হলেও আইস হকিতে দেশটির সাফল্য বিশ্বজুড়ে সুপরিচিত। বিশ্বকাপ ফুটবলে তাদের ইতিহাসও খুব বেশি সমৃদ্ধ নয়। ১৯৮৬ সালের পর ২০২২ সালে আবার বিশ্বকাপের মঞ্চে ফিরেছিল কানাডা। আর এবার সহ-আয়োজক হিসেবে টুর্নামেন্টে জায়গা করে নিয়েছে দলটি।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র দুটি গোল করেছে কানাডা এবং কখনো গ্রুপ পর্বও অতিক্রম করতে পারেনি। তবে ঘরের মাঠে এবার সেই ইতিহাস বদলানোর স্বপ্ন দেখছে দলটি।

কানাডার সাবেক কোচ স্টিফেন হার্টের বিশ্বাস, বর্তমান স্কোয়াডে সেই সামর্থ্য রয়েছে। তার মতে, ইউরোপের শীর্ষ লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতি দলটিকে আগের যেকোনো সময়ের তুলনায় আরও শক্তিশালী করে তুলেছে।