২০২৬ ফিফা বিশ্বকাপে ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে ব্রাজিল যখন প্রস্তুতি নিচ্ছে, তখনই শোকের খবর পেল সেলেসাওরা। দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার এবং ১৯৭০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ব্রিতো আর নেই।
গত বৃহস্পতিবার (১১ জুন) ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সেন্টার ব্যাক। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার মৃত্যুর খবর নিশ্চিত করলেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।
পূর্ণ নাম হারকিউলিস ডি ব্রিতো রুয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি ‘ব্রিতো’ নামেই পরিচিত ছিলেন। ১৯৬৪ থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি ব্রাজিল জাতীয় দলে ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ১৯৬৬ বিশ্বকাপেও তিনি স্কোয়াডে ছিলেন। তবে ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে পেলের নেতৃত্বাধীন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উইলসন পিয়াজ্জার সঙ্গে রক্ষণভাগে গড়ে তোলেন এক দুর্ভেদ্য দেয়াল, যা ব্রাজিলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।
বিশ্বকাপ ছাড়াও ব্রিতো ১৯৭১ সালে ‘কোপা রোকা’ এবং ১৯৭২ সালে ‘তাসা ইন্ডিপেনডেন্সিয়া’ জয়ে ব্রাজিলকে সাফল্য এনে দেন। ক্লাব পর্যায়ে তিনি ভাস্কো দা গামা, ইন্টারন্যাসিওনাল, ফ্ল্যামেঙ্গো ও ক্রুজেইরোর মতো বড় ক্লাবের হয়ে খেলেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সিবিএফের নবনির্বাচিত সভাপতি সামির শাউদ বলেন, “ব্রিতো ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ১৯৭০ বিশ্বকাপে তার অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করব।”
তিনি আরও বলেন, “তার লড়াকু মানসিকতা বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
এদিকে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এবার উত্তর আমেরিকায় ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামছে। আগামী শনিবার (১৩ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। ইনজুরি ও শোকের এই সময়ে ব্রাজিল দল প্রয়াত কিংবদন্তির স্মৃতিকে শক্তিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

